৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু, টঙ্গীর তুরাগ নদের তীরে

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৪ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে  । শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। 


বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে প্রতিবছরই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশে তাবলীগের চিল্লাধারী মুসল্লীরা সারা বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার বাদ ফজর থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।