বিকেল ৫টার পর ভিক্ষা নিষেধ, অমান্য করলেই ১,৫০০ টাকা জরিমানা! - ফকির কমিটির সভাপতি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬


বাজারে দোকান খোলা ও বন্ধের নির্দিষ্ট সময় থাকে। কিন্তু ভিক্ষাবৃত্তির ক্ষেত্রেও যে সময়সূচি বেঁধে দেওয়া হতে পারে, তা নিয়ে এবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়মনসিংহের ফুলপুরে। সেখানে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা, এমনকি তিন দিনের কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজার এলাকায় এমন ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি হিসেবে পরিচয় দেন।

মাইকে দেওয়া ঘোষণায় ওই ব্যক্তি জানান, প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুলপুর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে। তবে বিকেল ৫টার পর কাউকে ভিক্ষা করতে দেখা গেলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে।

এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বিষয়টিকে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, একটি কমিটি কীভাবে জরিমানা কিংবা কারাদণ্ডের মতো শাস্তি নির্ধারণের ঘোষণা দিতে পারে?

আইনগত দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কাউকে জরিমানা করা কিংবা কারাদণ্ড দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট আইন ও অনুমোদিত কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। কোনো স্থানীয় কমিটি নিজ উদ্যোগে এ ধরনের শাস্তি কার্যকর করতে পারে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, এমন কোনো ঘোষণার বিষয়ে তিনি অবগত নন।

তবে ‘ফকির কমিটি’র পক্ষ থেকে দেওয়া এই ভিক্ষার সময়সূচি ও শাস্তির ঘোষণা কতটা কার্যকর কিংবা এর পেছনে কী ধরনের উদ্যোগ রয়েছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।