বাগছাস নাম পালটে ছাত্রশক্তি, নেতৃত্বে জায়গা হয়নি কাদেরের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম বদলে ফিরেছে পুরনো নামে। তারা আবার পরিণত হয়েছে জাতীয় ছাত্রশক্তিতে। এ ঘোষণা ছিল আগেরই। এবার এই সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ দুই কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা দুই কমিটির একটিতেও জায়গা হয়নি আবদুল কাদেরের, যিনি বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ছিলেন। কাদের ডাকসু নির্বাচনে বাগছাসের সহসভাপতি (ভিপি) প্রার্থীও ছিলেন।

নবঘোষিত ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। জাহিদ আগে বাগছাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাকের আহ্বায়ক পদে ছিলেন।

এ ছাড়া ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মহির আলমকে। কেন্দ্রীয় কমিটির শীর্ষ এই চার নেতার মধ্যে সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

এদিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার।

এই কমিটিতে মো. সাইফুল্লাহকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তিনি মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক।