চট্টগ্রামে মালবাহী ট্রেনের ইঞ্জিনে লরির ধাক্কা, দুই কর্মী আহত
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি লরির ধাক্কায় ট্রেনের দুই কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য মতে, মালবাহী একটি ট্রেন চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লরি রেললাইনে ঢুকে পড়ে। এতে লরিটি সরাসরি ইঞ্জিনে ধাক্কা দেয়।
পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য এসেছে। ট্রেনের বাকি মালবাহী বগিগুলো আবার সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গেট থাকলেও গেটম্যান গেট ফেলেননি। গেটম্যানের অবহেলা রয়েছে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছেন। এখন উদ্ধারকাজ চলছে।’