ওড়নায় ঝুলছিল দম্পতির মরদেহ, স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর ঝগড়ার জের ধরে তারা দুজন একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই দম্পতি গলায় ফাঁস দেন। পরে পুলিশ গিয়ে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন— কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার স্ত্রী একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫)।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সোমবার সকালে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বউ-শাশুড়ির বিবাদ ছেলে পর্যন্ত গড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ছাড়া ওই দম্পতি অর্থকষ্টেও ছিলেন। পরে অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও তার স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে গলায় ফাঁস দেন।

রাতে খাবারের জন্য স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর দিলে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী বলেন, ধারণা করা হচ্ছে , পারিবারিক কলহ, আর্থিক অনটন ও চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার ঘটনায় ওই দম্পতি অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন