ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেপ্তারের ব্যাখ্যা চেয়েছে সরকার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের এলাকা থেকে এক রিকশাচালককে আটক করে সন্দেহভাজন মামলায় গ্রেপ্তারের ঘটনায় পুলিশের কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
ওই রিকশাচালক ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ফুল নিয়ে ধানমন্ডি ১৫ এলাকায় গিয়েছিলেন। সেখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রোববার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।
পাশাপাশি ধানমন্ডি থানার ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়েছে বার্তায়।
প্রেস উইং আরও বলছে, দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা অনুযায়ী অতি দ্রুত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এ ঘটনা নিয়ে রোববার গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আজিজুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। পুলিশের দাবি, আজিজুরকে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা দণ্ডবিধির নিয়মিত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এপ্রিল মাসের কত তারিখে দায়ের করা কোন মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি অবশ্য ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ডিএমপি উপকমিশনারের এ বিজ্ঞপ্তি পাঠানোর আড়াই ঘণ্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস উইং এ ঘটনায় ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলবের খবর জানাল।