সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬


স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনগণের সম্মিলিত অংশগ্রহণে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়। এ ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় ঘটনা।

প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্প ও শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এ বাহিনীর অসীম সাহসিকতার ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সততা, দক্ষতা ও কর্মক্ষমতার কারণে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার শাসনামলেও এ বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্যবীর্যের প্রতীক সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বাণীতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ওই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ ছাড়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।