শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায়

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সহিংসতার ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে এসব এলাকার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। তবে সোমবার পর্যন্ত ঠিক কতটি কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। দায়িত্ব পালন করছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গাজীপুর দেশের অন্যতম প্রধান পোশাকশিল্পকেন্দ্র। এখানকার শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে শ্রমিক, মালিকপক্ষ, সরবরাহব্যবস্থা এবং রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।