আন্দোলনের রাজনীতি ছেড়ে দেশ গঠনে সহযোগিতার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

Sahanaj parvin
Sahanaj parvin Sahanaj parvin
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং তা সামগ্রিকভাবে দেশের জন্য চরম ক্ষতি বহন করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলকে আন্দোলন ছেড়ে দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশ যদি সব সময় আন্দোলনের মধ্যে থাকে, তবে দেশের উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় 'এসডিএফ-এর বি স্ট্রং' প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, "দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমরা যেদিন শপথ নিয়েছি, বিরোধী দল সেদিন উপস্থিতও হয়নি, সহযোগিতা করা তো দূরের কথা। অথচ তারা দীর্ঘ ১৭ বছর পর অর্জিত গণতন্ত্র ও দেশ গড়ার কাজে না এসে আন্দোলনের হুমকি দিচ্ছে।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, "বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়। শেখ হাসিনা যেভাবে অতীতে টানা হরতাল দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসে দেশের ১২টা বাজিয়ে দিয়েছিল, তারা ভাবছে সেই পথেই সুবিধা পাবে। তারা মনে করছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান কিংবা মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে—সেই সুযোগে তারা ক্ষমতায় আসবে। তবে দেশের সচেতন জনগণ সে সুযোগ আর কাউকে দেবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।"

উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, "আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছিলেন এবং বেগম খালেদা জিয়া যেভাবে গ্রাম-গঞ্জে ঘুরে উন্নয়ন করেছিলেন; ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে উন্নয়ন হবে। মানুষের মুখে হাসি ফুটবে।"

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।