শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যর্পণ: তথ্য উপদেষ্টা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা নয়। তাঁর হস্তান্তর নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

শেখ হাসিনার দেশের আসতে চাওয়ার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এই আলোচনা তাঁর সঙ্গে নয়। আলোচনা হবে ভারতের সঙ্গে। একজন মারাত্মক অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে আছেন। তিনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং তিনি আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে না, ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।