দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মঙ্গলবার সকালে খিলগাঁও থানা-পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই বাসার দারোয়ান। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাজ বাংলাদেশেই বসবাস করতেন এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য শাহবাজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।