জেনিফার বারেটো পেলেন মিস ইউনিভার্সের মুকুট

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

নিজের দেশ পুয়ের্তো রিকোর মাটিতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন জেনিফার বারেটো। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সান হুয়ানে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়, যেখানে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশের স্থলাভিষিক্ত হন তিনি। ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে এই শিরোপা অর্জন করেন বারেটো।

নতুন মিস ইউনিভার্স হিসেবে তিনি পেয়েছেন ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুট, যাতে ৩ হাজার ১৫০টি হীরা বসানো হয়েছে।

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বারেটোর এই সাফল্যের যাত্রা ছিল চোখে পড়ার মতো দ্রুত। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার র‍্যাম্পে হাঁটার মাত্র চার মাসের মধ্যেই জাতীয় পর্যায়ের মুকুট জয় করেন তিনি; সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেয়াস আর্তেসে ওই খেতাব পান। নতুন অভিজ্ঞতা অর্জন এবং সেসবের মধ্য দিয়ে নিজের উত্তরাধিকার গড়ার লক্ষ্যেই প্রতিযোগিতায় এসেছিলেন বলে জানান তিনি। জাতীয় পর্যায়ে জয়ের পর এল ভোসেরোকে তিনি বলেছিলেন, মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে যে নারী হিসেবে যাত্রা শুরু করেছিলেন, এখন আর সেই নারী নন তিনি।

স্বাগতিক দেশ হিসেবে এবারের আসরে প্রতিযোগী হওয়ার পাশাপাশি অন্য প্রতিযোগীদের আতিথেয়তার বাড়তি দায়িত্বও পালন করেছেন বারেটো। ভক্তদের কাছে ‘লা বারেটো’ নামে পরিচিত এই সুন্দরী প্রতিযোগীদের মন জয় করার পরিকল্পনায় রেখেছিলেন পুয়ের্তো রিকোর আতিথেয়তা এবং রসুন দিয়ে তৈরি এক প্লেট টোস্টোনেস।

ব্যক্তিজীবনে বিবাহিত বারেটোর স্বামী জ্যঁ কার্লোস বারেটো এবং তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপ। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক—এই দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী বারেটো মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত আছেন তিনি। মিস ইউনিভার্স হিসেবে মানসিক স্বাস্থ্যকে মূল কর্মসূচির কেন্দ্রে রাখার পাশাপাশি মাতৃত্ব যেন কোনো নারীর অগ্রগতির পথে বাধা না হয়, সেই বার্তাও তুলে ধরতে চান বারেটো।

মায়াগুয়েজে জন্ম নেওয়া বারেটো বেড়ে উঠেছেন ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায়। ভলিবল ভালোবাসা বারেটো বেড়ে ওঠার সময় তাকে লালন-পালনে দাদার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ছোটবেলায় মায়ের সঙ্গে মিস ইউনিভার্স দেখার স্মৃতি এবং পারিবারিক পরিমণ্ডলে সৌন্দর্য প্রতিযোগিতার প্রভাবের কথা উল্লেখ করে তিনি এই আয়োজনকে ‘নারীদের অলিম্পিক’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রতিযোগিতার আগে নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছিলেন বারেটো; জাতীয় পর্যায়ে জয়ের আগেই ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন তিনি, যাতে প্রতিযোগিতার সময় নিশ্চিন্তে টোস্টোনেস ও চকলেট উপভোগ করা যায়। জাতীয় পোশাক পর্বে তিনি পুয়ের্তো রিকোর লজ্জাবতী উদ্ভিদ ‘মরিভিভি’ থেকে অনুপ্রাণিত পোশাক পরেছিলেন। চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে তাকে প্রশ্ন করা হয়েছিল, জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রভাব বাড়তে থাকার প্রেক্ষাপটে মানুষের কোন মূল্যবোধটি ধরে রাখা সবচেয়ে জরুরি।

প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ প্রথম রানারআপ হন। এরপর যথাক্রমে ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন অবস্থান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

এই জয়ের মাধ্যমে মারিসল মালারেট (১৯৭০), ডেবোরা কার্থি-ডিউ (১৯৮৫), দিয়ানারা টোরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) ও জুলেইকা রিভেরার (২০০৬) পর পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স বিজয়ীদের তালিকায় নাম লেখালেন বারেটো। ২০০১ সালে বায়ামনে স্বাগতিক দেশের মাটিতে মুকুট জিতেছিলেন ডেনিস কুইনোনেস; এবার বারেটোও নিজের দেশে সেই কৃতিত্ব অর্জন করলেন।