রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে আইন লঙ্ঘনের ঘটনায় ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ট্রাফিক গুলশান বিভাগে সবচেয়ে বেশি ৯৯৭টি মামলা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মামলা করা হয়েছে মিরপুর বিভাগে, ৮২০টি। এ ছাড়া উত্তরা বিভাগে ৭৩৬টি এবং ওয়ারী বিভাগে ৫৮২টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মতিঝিল বিভাগে ৪১৭টি, তেজগাঁও বিভাগে ২৮৮টি, লালবাগ বিভাগে ১৯৭টি এবং রমনা বিভাগে ১৫৪টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।