ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততা, ট্রাইব্যুনালে ফোনালাপের তথ্য

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬


বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এক সাক্ষীর জবানবন্দির বরাতে একটি কথিত ফোনালাপের তথ্য তুলে ধরা হয়েছে। ওই কথোপকথনে ইলিয়াস আলীকে গুম করার বিষয়ে জিয়াউল আহসানের স্বীকারোক্তির ইঙ্গিত রয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসানসহ কয়েকজন কর্মকর্তা মহাখালী ফ্লাইওভারের দিকে যান। তাদের সঙ্গে ছিলেন মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফ।

সাক্ষীর দাবি, সেখানে অবস্থানকালে জিয়াউল আহসান বিভিন্ন স্থানে ফোন করে নির্দিষ্ট এক ব্যক্তির সেখানে আসার সময় জানতে চাইছিলেন। তবে ওই ব্যক্তি সেদিন আসবেন না বলে খবর পাওয়ার পর তারা সেখান থেকে ফিরে যান।

এর কয়েক দিন পর গণমাধ্যমে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী মহাখালী এলাকা থেকে নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন ইমরুল কায়েস। ২০১২ সালের ১৭ এপ্রিল তারা নিখোঁজ হন।

সাক্ষীর জবানবন্দিতে আরও বলা হয়, ছুটি শেষে ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান তিনি। সহকর্মীদের কাছ থেকে অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলার অভিযোগের কথাও জানতে পারেন।

এ ছাড়া ১৮ এপ্রিল থেকে র‌্যাব সদর দপ্তরে নিয়মিত ফল-ইন বা রোল কলের সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা করা হয়েছিল বলে সাক্ষ্যের বরাতে আদালতে জানানো হয়।

ফোনালাপে ইলিয়াস আলীকে গুমের প্রসঙ্গ

রাষ্ট্রপক্ষের দাবি, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন। ওই কথোপকথন ইমরুল কায়েস নিজ কানে শুনেছেন বলে তার জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

চিফ প্রসিকিউটর আদালতে সাক্ষীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, কথোপকথনের একপর্যায়ে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের ভাষ্য, কথোপকথনে ‘গলফ’ শব্দটি গুম বা অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে। তাদের মতে, এই ফোনালাপ ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন

যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পক্ষে একাধিক সাক্ষীর জবানবন্দি এবং বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ এ মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের সন্ধান বা পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এই নিখোঁজের ঘটনা আবারও আলোচনায় এসেছে।