নামের মিলে ভারতে হত্যা মামলায় যাবজ্জীবন, ১৮ বছর পর প্যারোলে মুক্ত বাদল
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে এক হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। এর মধ্য দিয়ে ১৮ বছর পর নিজ বাড়িতে পা রেখেছেন তিনি। পরিবারের দাবি— প্যারোল নয়, সরকার তার স্থায়ী মুক্তির ব্যবস্থা করুক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাগেরহাট জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বাদলকে তার গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীতে নিয়ে যায় পুলিশ। বাদল বাড়িতে পৌঁছাতেই এক আবেগঘন দৃশ্য তৈরি হয়। তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বাদলও নিজেকে ধরে রাখতে পারেননি।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদলকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে নেওয়া হয় বাগেরহাটে। দুপুর সোয়া ২টার দিকে সেখানে পৌঁছায় ভ্যানটি। পরে সব প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় বাদলকে।
মা শেফালী বেগম বলেন, আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই। আমার ছেলে যেন সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে, এই ব্যবস্থা চাই সরকারের কাছে। এই একটাই আবেদন আমার। ওর বাবা মারা গেছে। আমি মৃত্যুর পথে লড়াই করতেছি। কখন মারা যায় বলতে পারি না। আমার ছেলেটাকে মুখ দেখে আমি মরতে চাই।
বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, মায়ের অসুস্থতার কারণে আমরা প্যারোলের আবেদন করেছিলাম। এখন এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু মায়ের যে অবস্থা, যেকোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। বাবা তো ছেলেকে না দেখেই আল্লাহর কাছে চলে গেছেন। এখন মা-ও যদি ছেলেকে না দেখে দুনিয়া থেকে চলে যান, এ কষ্ট রাখার জায়গা থাকবে না। তাই আমাদের চাওয়া, সরকার যেন বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করে।
আকলিমা বেগম আরও বলেন, সারা দেশের মানুষ জানে যে আমার ভাই নির্দোষ। কিন্তু সে সেখানে গিয়ে ফেঁসে গেছে। কিন্তু একজন নির্দোষ মানুষ কেন বছরের পর বছর জেল খাটবে? দ্রুত তার মুক্তির ব্যবস্থা করা উচিত সরকারের।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে আগ্রার তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল। সেখানে ৭১ বছর বয়সী এক নারীকে হত্যার ঘটনায় বাদল সিং নামে এক গৃহকর্মী ছিলেন আসামি। তার নামের সঙ্গে মিল থাকায় বাদলকে ধরে নেয় ভারতীয় পুলিশ।
১৮ বছর বয়সী অষ্টম শ্রেণি পাস বাদল ভাষাগত পার্থক্যের কারণে নিজের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি পুলিশের কাছে। একপর্যায়ে তাকে অভিযুক্ত করে পুলিশ ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে। সে মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতও হন বাদল।
বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় বাদলকে। ওই সময় থেকেই তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি। এরও আট বছর পর এবং সব মিলিয়ে ১৮ বছর পর শেষ পর্যন্ত চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে পৌঁছালেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাংলাদেশ-ভারত বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজীকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাগেরহাট হয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। চার সপ্তাহ প্যারোলের শর্ত পরিপালন করতে হবে তাকে। পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।