আনন্দ বা মঙ্গল নয়, নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’
আগামী পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়ে চলমান বিতর্ক ও বিভাজন এড়াতে এর নতুন নাম ঘোষণা করেছে সরকার। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে এক সভায় জানান, এ বছর থেকে এই বর্ণাঢ্য আয়োজনটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে। উৎসবের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি।
এর আগে তিনি সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ উদ্যাপনের লক্ষ্যে শোভাযাত্রার নাম আনন্দ কিংবা মঙ্গল নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্কের কোনো মানে হয় না।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো বিভাজন চাই না। বৈচিত্র্যের মাধ্যমে আমরা ঐক্য চাই। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারের পয়লা বৈশাখে শোভাযাত্রা আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, বৈশাখী শোভাযাত্রা নামে হবে।
এখন থেকে প্রতিবছর এই নামই থাকবে।’
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।