নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬


নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলিফ ফকিরের বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে হামলাকারীরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় আলিফ ফকিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের আহমেদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিক আলিফ ফকিরকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছে।