জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

Himel
Himel Himel
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩০ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ধর্ষ ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অবশেষে নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে প্রশাসন। সোমবার ভোর থেকে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২০০ সদস্যের এক বিশাল যৌথ অভিযানের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

অভিযানস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সাংবাদিকদের জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতে সেখানে স্থায়ীভাবে র‍্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এমনকি পাহাড়ের এই দুর্গম এলাকায় ক্যাম্পের সুরক্ষায় প্রয়োজনে কামান মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন তিনি। যদিও অভিযানের মুখে কুখ্যাত 'ইয়াসিন বাহিনী'র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন, তবে বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

বিভাগীয় কমিশনারের মতে, এই প্রশাসনিক নিয়ন্ত্রণের ফলে এখন সেখানে সরকারের থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের পথ সুগম হলো।

এর আগে আজ সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন আমরা সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’

পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—জবাবে ডিআইজি আহসান হাবীব বলেন, ক্যাম্পের নিরাপত্তার প্রয়োজনে আমরা এখানে কামান মোতায়েন করব।