আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব : জামায়াত আমির

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই চেতনা রক্ষা করব। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। কেউ অন্যায় করে আর পার পাবে না।’

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে। জুলাই টিকে না থাকলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকার কারোরই অস্তিত্ব থাকবে না।

সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে জান দেব, তবুও জুলাইকে হারতে দেব না। কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না।


অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না।

এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের চেতনাবিরোধী সরকারের যেকোনো কর্মকাণ্ডকে রুখে দেবে ১১ দলীয় ঐক্য জোট।

খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আবদুল জলিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়েদ ফিরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।