যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করবো না: সাদিক কায়েম

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

যারা মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে ফিরে এসে নানা ধরনের ভুয়া কথাবার্তা বলছেন। এসব কথা আপনারা বিশ্বাস করবেন না। আমরা কথার রাজনীতিতে নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল পাবলিক স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, যারা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন, আমরা কেবল তাদেরই বিশ্বাস করবো। যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করবে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে দেশের প্রায় চার কোটি তরুণ ভোটার অংশ নিয়েছেন। তারা ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। এই আন্দোলন শুরু হয়েছে ডাকসু থেকে, সর্বশেষ জকসুতে এসে শেষ হয়েছে।

ডাকসুর ভিপি আরও বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর বলেছিলাম—আমরা শিক্ষার্থীদের নেতা হবো না, আমরা হবো তাদের প্রতিনিধি। আমরা হবো তাদের সেবক এবং আমাদের ছোট ভাইদের একজন অভিভাবক।

আগামীর বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তারা সবসময় জনগণের কাছে জবাবদিহি করবেন। জনগণকে তাদের কাছে যেতে হবে না—বরং এমপি ও মন্ত্রীরাই জনগণের কাছে যাবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে।

জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।