মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে ডিবির একটি দল লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
লিটন মাহমুদ বাবু মোহাম্মদপুরের অন্তত দুটি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত।
ডিবি প্রধান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।”
কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে শফিকুল ইসলাম আবারও ‘সুনির্দিষ্ট অভিযোগে’র কথা উল্লেখ করেন।