টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।


পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। এরপর লগি-বৈঠা হাতে একটি মিছিল বের করা হয়।

পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তারা লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।


এর আগে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।


গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।