শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন, আইনি ভিত্তি যাচাই করছে সরকার

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। তিনি এ ধরনের আবেদন করার অধিকার রাখেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন এবং সংবাদে দেখেছেন। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারেননি তিনি।


সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনের সত্যতা, এর আইনগত ভিত্তি এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। সব দিক পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’



এদিকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগভাবে এসব ঘটনা মোকাবিলা করছে এবং হামলার ঘটনা প্রতিহত করছে।