মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে ভিডিও বার্তায় নেতানিয়াহু
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে তীব্র গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে ভিডিও বার্তায় জনসমক্ষে এলেন তিনি। সেই বার্তায় জীবনাবসানের গুঞ্জন নিয়ে কোনো কথা না বললেও, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বিশাল অংকের বিশেষ প্রতিরক্ষা বাজেটের ঘোষণা দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা। খবর: টাইমস অব ইসরায়েল।
নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয় যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।
ভিডিও বার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য এই যুদ্ধের জন্য।
গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।