গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু, আটক চালক ও সহকারী
রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপার হওয়ার সময় ‘চাঁদনী ট্রাভেল’ পরিবহনের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই দুই নারীকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে পুলিশ। পাশাপাশি ঘাতক বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে