হরমুজে ২ তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত’ প্রজেক্টাইলের আঘাত
হরমুজ প্রণালি এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানায়। এতে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
ইউকেএমটিও জানায়, প্রথম হামলায় ট্যাংকারটির ভেতরে ছোট আকারের আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও ক্ষতি হয়নি। হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হওয়া ট্যাংকারটি আগুন নিয়ন্ত্রণের পর আবার যাত্রা শুরু করে। তবে জাহাজটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা জানানো হয়নি।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে একই ধরনের ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওই জাহাজের সব নাবিক নিরাপদ আছেন। এ ঘটনাতেও পরিবেশের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিনে ইরানে হামলা শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথটি সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।
ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং অনুমতি ছাড়া প্রণালি পার হওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলার অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করেছে। এর লক্ষ্য ইরানের তেল রপ্তানি ঠেকানো।