শিশুকে ধর্ষণ, মামলা প্রত্যাহার না করায় কেটে নিলো মায়ের কান

Himel
Himel Himel
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

শিশু ধর্ষণের এক মামলা প্রত্যাহার না করার কারণে দায়ের কোপে ওই শিশুটির মায়ের কান কেটে নিয়েছেন আসামি পক্ষের এক নারী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনাতেও একটি মামলা হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের তাজনগর হাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, ওই গ্রামের আগের এক শিশু ধর্ষণ মামলার আসামিরা দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার শিশুটির মাকে মামলা প্রত্যাহারের চাপসহ হুমকি ধমকি দিয়ে আসছিলেন। হুমকির মুখে মেয়েটির মা থানায় জিডি করলে আসামিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জের ধরে শনিবার বিকেলে দায়ের কোপে শিশুর মায়ের কান কেটে নেন আসামিপক্ষের এক নারী।

ঘটনাটি আমলে নিয়ে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নির্দেশনায় এসআই অভিজিৎ, এসআই মিজান নারী পুলিশ সদস্যসহ অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেন। দায়ের কোপে কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়েছে। কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।