ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার: রাশেদুল হক

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি কর্মীদের নতুন করে প্রবেশ নিশ্চিত করতে জোরালো প্রস্তুতি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক জানিয়েছেন, নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে চলতি ডিসেম্বরের মধ্যেই দেশটিতে কর্মী পাঠানো সম্ভব হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়াতে বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রাশেদুল হক বলেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। এ ক্ষেত্রে কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’

প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ওই কোম্পানি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

এরপর স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন অটোমেশন সিস্টেমের মাধ্যমে দুটি পদে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে ২০০ জন এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে ১০০ জন রয়েছেন।

রাশেদুল হক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

নিয়োগকর্তারা সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত সরকার বলে জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।