সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে' সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের এই আইনজীবী প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এ চিঠি দেন।
চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারকে দিয়ে সংসদ অধিবেশন আহ্বান ও তাকেই ভাষণ দেওয়ার অনুরোধ করা হলো।
এ ছাড়া প্রধানমন্ত্রীও তার সুবিধামতো এ বিষয়ে ব্যবস্থা নিতে পারেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, যেকোনো সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে আন্দোলন হয়েছে। তবে সাংবিধানিক ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপিসহ কয়েকটি দল রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে অবস্থান নেয়।
নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের অধীনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি তুলেছেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গ্রেপ্তার করতে হবে।