জাতীয় প্রেস ক্লাবের বাথরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের একটি বাথরুম থেকে ‘দৈনিক দিনকালে’র জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের বাথরুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক আলী মামুদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাংবাদিক আলী মামুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আজ মঙ্গলবার বিকেল ৩টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রয়াত সাংবাদিক আলী মামুদের জানাজা অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তারা।