কারফিউতে থমথমে গোপালগঞ্জ, চলছে বিশেষ অভিযান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ চলছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।

এর আগে, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে গোপালগঞ্জ সদরে কারফিউ জারি করে জেলা প্রশাসন।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে নতুন কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ।

পুলিশ জানায়, গতকালের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু গ্রেপ্তার হওয়া লোকের সংখ্যা সম্পর্কে কোনো ধারণা দেয়নি তারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরও হয়নি। কয়েকটি জায়গায় পুলিশ ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন।

এর আগে, বুধবার রাতে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। পরে র‌্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে।