সেপটিক ট্যাংকে ফোন তুলতে নেমে প্রাণ গেল ৪ তরুণের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (৯ জুলাই) গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত তরূণরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।
অসুস্থ তরূণের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন সেটি তুলতে যায়। এরপর আরও ৪ জন ঐ ট্যাংকের মধ্যে প্রবেশ করেন। এক পর্যায়ে সবাই সেখানে অচেতন হয়ে পড়ে।
পরে মুমূর্ষু অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ অপর তরূণকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।