সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়ই বহাল রেখেছেন হাইকোর্ট। একইসাথে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

মামলাটির উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার (২ জুন) বেলা ১১টায় বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ডেথ রেফারেন্স ও জেল আপিলের নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দিপ্তি। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহাজাহান।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১শে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঘটনার পাঁচ দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহতের বোন বাদী হয়ে আদালতে মামলা করেন। সিনহা হত‍্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ওই বছরের ১৩ই ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‍‍্যাব।

২০২২ সালের ৩১শে জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী এই দুজনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দেন।

পরে ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন। এরপর মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়।