আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৪ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে ১৫ নভেম্বর। এই সময় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের অধীনে নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হলো।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধনের উদ্যোগ:

গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ যুগোপযোগী করতে আইনটির ৮টি ধারায় সংশোধনে খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়। বিদ্যমান এ আইনটিকে আরো যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞগণ।

রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড.  আসিফ নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদগণ অংশ নেন।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, যেসব নেতা বা যেসব ব্যক্তি এখানে (ট্রাইব্যুনালে) বিচারের সম্মুখীন হবে, তাদের যারা সমর্থক আছেন, তাদেরও যেন মনে হয় সত্যি উনি (যিনি বিচারের সম্মুখীন হবেন) অন্যায় করেছেন বা অন্যায় করেননি, তারাও যেন সন্তুষ্ট থাকেন। আমরা এই সমাজে আর ক্ষত চাই না। বিভাজন চাই না। বিচারের মধ্য দিয়ে একটা পুনর্মিলন প্রক্রিয়া শুরু করতে চাই।