শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহা. হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। নিয়মিত মহাপরিচালক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি একাডেমির প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
দায়িত্ব পালনকালে একাডেমির প্রয়োজনীয় আর্থিক ব্যয় নির্বাহ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন করার দায়িত্বও তার ওপর থাকবে।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত শেখ রেজাউদ্দিন আহমেদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি আবার শূন্য হয়।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে এর আগে একাধিকবার দায়িত্বে পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। দীর্ঘ সময় তিনি এ পদে দায়িত্ব পালন করেছিলেন।
এরপর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ ওয়ারেছ হোসেন। প্রায় ছয় মাস পর তাকে সরিয়ে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
আবুল ফয়েজ প্রায় এক সপ্তাহ এ দায়িত্বে থাকার পর ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এক বছরের চুক্তিভিত্তিক সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর এবার নতুন করে অতিরিক্ত দায়িত্ব পেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।