জাতিসংঘের ওপর বিশ্ববাসী পুরোপুরি আস্থা হারিয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা ও বিশ্বাস পুরোপুরি হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে তিনি এ মন্তব্য করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, আরাকচির টেলিগ্রাম চ্যানেলে তাঁর এ বক্তব্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ নিয়েও মন্তব্য করেন তিনি।
টেলিগ্রামে আরাকচি লেখেন, “যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠী আমাদের বিরুদ্ধে যে কাপুরুষোচিত যুদ্ধ চালিয়েছে, তার পরবর্তী ঘটনাপ্রবাহ এবং প্রকৃতপক্ষে এখনও বহাল থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়েই এই সফরটি হচ্ছে।”
তিনি বলেন, “স্বভাবতই আমাদের মূল উদ্দেশ্য হল এই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।”
জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার কারণে সংস্থাটির ওপর আস্থা কমে গেছে বা পুরোপুরি বিলুপ্ত হয়েছে। সাধারণ পরিষদের এবারের প্রতিপাদ্যকে তিনি এই অবস্থার বৈশ্বিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
আরাকচির অভিযোগ, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন এমনকি মানবজাতির যৌথ বিবেককেও উপেক্ষা করে নিজেদের আইনের ঊর্ধ্বে বসিয়েছে। একই সঙ্গে তারা নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এর ফলে আমরা দেখছি, জায়নবাদী শাসনের মত একটি অপরাধী গোষ্ঠীকে ইচ্ছেমত যে কোনো অপরাধ করতে অবাধ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।”