শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।”

এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান আমিনুল ইসলাম।

শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও এনআইডির চেয়ে পাঠানো চিঠির তথ্য নিশ্চিত করেছে ভারতের কূটনৈতিক সূত্রগুলো। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে এই আবেদনের চিঠির একটি কপি হাতে পেয়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে তিনি ভারতেই অবস্থান করেছেন। শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে তার দেশে ফেরার পরিকল্পনার ‘সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ’ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।


এর আগে গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহকারীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

তবে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের আইনমন্ত্রীসহ নেতৃত্বস্থানীয়রা বারবারই বলে আসছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি তাকে কারাগারে যেতে হবে। সরকারের পক্ষ থেকে তার প্রত্যর্পণের জন্য ভারতের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ভারত সরকার বাংলাদেশের এ-সংক্রান্ত যোগাযোগের পরিপ্রেক্ষিতে ‘খতিয়ে দেখা’ ছাড়া এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো পদক্ষেপের কথা জানায়নি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু প্রভাব ফেলেছে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেও। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ইস্যু নিষ্পত্তি না হওয়ার কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আটকে গেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত শেখ হাসিনাকে শেষ পর্যন্ত প্রত্যর্পণ করবে না ধরে নিয়েই সরকার অন্যান্য ইস্যুতে ভারতের সঙ্গে ব্যবধান রেখে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে।


ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলন দমনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ আরও নানা অভিযোগে মামলা চলমান। তবে শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার ডিসেম্বরের দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও মৃত্যুদণ্ডের রায়ের কারণে তিনি আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে। এসব দলের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার দাবিও রয়েছে।