শেখ হাসিনা ও টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ

Joynal Abedin Joshori
Joynal Abedin Joshori Joynal Abedin Joshori
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত–৪-এ এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে রাজধানীর পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। একই সঙ্গে রাজধানীতে তাদের স্থাবর সম্পত্তির তথ্য সম্পদবিবরণীর হলফনামায় গোপন করা হয়।


তদন্তে আরও উঠে আসে, ভাই–বোনের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন।

পরে এসব অভিযোগে দায়ের করা দুটি মামলায় মোট ২২ জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই ধরনের অভিযোগে দায়ের করা চারটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।