বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দর কার্যকর করা হয়েছে। এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়, যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
তবে সোনার দাম বাড়ানো হলেও বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।