কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত রাজনগরের ফতেপুর, ঝুঁকিতে অন্তত ১০ গ্রাম

Himel
Himel Himel
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীতীরবর্তী অন্তত ১০টি গ্রাম ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে।

প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর, তবে এ বছর শীত মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। দীর্ঘদিন ধরে চলমান এই ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

এ বিষয়ে ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক টিটু বলেন, ‘নদীভাঙনের বিষয়টি সাবেক উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। বর্তমান উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ জানান, ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে।

তিনি বলেন, ‘আমি পরিস্থিতি পরিদর্শন করে একটি কাজের ড্রাফট তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তবে এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।

এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে নদী রক্ষা বাঁধ নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।