শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। এর আগে মামলার প্রধান আসামি হিটু শেখকে দেওয়া মৃত্যুদণ্ডের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এই চূড়ান্ত আইনি প্রক্রিয়া শুরু হয়।

এ মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার তথ্যসূত্রে, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।

আটদিন হাসপাতালে অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আছিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৩ এপ্রিল শুরু হয়ে মাত্র ১৩ কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।

পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত।