মিঠামইনে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খোকন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পেশায় তিনি একজন ভ্যানচালক। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে ইউনিয়নের তেলিখাই সড়কের পাশে গরু নিয়ে হাওরে যাওয়ার পথে ভুক্তভোগী ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খোকন তেলিখাই গ্রামের আক্কল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই গ্রামের কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন খোকনকে রাস্তায় ধরে মারধর করে। দীর্ঘদিন ধরে তাদের ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ছাড়া ঘটনার চার-পাঁচ দিন আগে খোকন কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
এসব ঘটনার জের ধরেই কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা খোকনকে মারধর করে বলে জানান স্থানীয়রা।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।