গোলশূন্য ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৬

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। এই ড্রতেই টানা দ্বিতীয় বিশ্বকাপের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে সকারুরা। অন্যদিকে, ১২টি তৃতীয় স্থানের দলের মধ্যে সেরা আটটির একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার আশা বেঁচে আছে প্যারাগুয়েরও।

তুরস্ককে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে নেমেছিল দুই দলই। ফলে জয় পেলেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউটে ওঠার সুযোগ ছিল উভয়ের সামনে। তবে অস্ট্রেলিয়ার জন্য ড্র-ই ছিল যথেষ্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক পয়েন্ট নিয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। সমান চার পয়েন্ট নিয়ে নকআউটের লড়াইয়ে টিকে রয়েছে প্যারাগুয়েও।

২০০৬ ও ২০২২ সালে শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। আগামী ৩ জুলাই টেক্সাসের আর্লিংটনে শেষ ৩২-এর ম্যাচে ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাতেই। অন্যদিকে, পঞ্চমবারের মতো নকআউটে ওঠার আশা জিইয়ে রাখলেও ভাগ্য জানতে আরও অপেক্ষা করতে হবে প্যারাগুয়েকে।

প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। শুরুতেই জ্যাকসন আরভিনের নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। বিরতির আগে যোগ করা সময়েও ক্রিস্টিয়ান ভোলপাতোর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও সতর্ক ফুটবল খেলেছে দুই দল। বলের দখলে এগিয়ে থাকলেও প্যারাগুয়ে তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে, ৯০তম মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে সেরা সুযোগটি নষ্ট করেন জর্ডান বস। বক্সের ডান দিক থেকে নেওয়া তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

যোগ করা সময়ে প্যারাগুয়ের মাউরিসিওর নিচু শট সহজেই তালুবন্দি করেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিস।

এই ম্যাচে একাদশে ছয়টি পরিবর্তন আনেন অস্ট্রেলিয়ার কোচ টনি পাপোভিচ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেন ১৮ বছর বয়সী লুকাস হেরিংটন। এর মধ্য দিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।

তবে সম্ভাব্য শেষ ৩২-এর ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে প্যারাগুয়ে। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মিডফিল্ডার ডিয়েগো গোমেজ পরের ম্যাচে খেলতে পারবেন না।