১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
আগামী ১৭ এপ্রিল সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত নতুন চলচ্চিত্র ‘আতরবিবিলেন’। মিজানুর রহমান লাবু পরিচালিত এই সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর প্রচারণা। মুক্তির ঘোষণা দিতে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেইলার ও পোস্টার, যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির মুক্তির তারিখ জানানো হয়। নির্মাতা নিজেই গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন। কেন্দ্রীয় চরিত্র আতরবিবির ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে দেখা যাবে দুই বাংলার পরিচিত মুখ মুস্তফা প্রকাশকে।

ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্তসহ একঝাঁক শিল্পী, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে গল্পকে এগিয়ে নিয়ে গেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, ছবিটি তার জন্য বিশেষ এক অনুভূতির। দীর্ঘ সময় ও শ্রম দিয়ে নির্মিত এই কাজটি দর্শকদের ভালো লাগবে বলেই তিনি আশাবাদী। তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

‘আতরবিবিলেন’-এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। আতরবিবি নামের সেই নারী সাধারণ জীবনের স্বপ্ন দেখলেও বাস্তবতার কঠিন মুখোমুখি হয়ে বারবার প্রতারিত হয় সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে। প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এবং টিকে থাকার গল্পই মূলত চলচ্চিত্রটির উপজীব্য, যা সমাজের প্রান্তিক নারীদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।