স্পেনে দাবানলে নাসার গুরুত্বপূর্ণ মহাকাশ যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে স্পেনে অবস্থিত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ‘গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্র’ (ডিএসএন) থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

শুক্রবারের এই ঘটনায় দূরবর্তী মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে রব্লেদো এলাকায় অবস্থিত 'মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স' (এমডিএসসিসি)।

নাসার এক মুখপাত্র বিবৃতিতে জানান, “দাবানল এমডিএসসিসি কেন্দ্রের সীমানার মধ্য দিয়ে অতিক্রম করেছে। কেন্দ্রের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিরাপদ হলে সেখানকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।”


উল্লেখযোগ্য যে, এমডিএসসিসি কেন্দ্রটি নাসার বিখ্যাত ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’ (ডিএসএন)-এর তিনটি মূল ঘাঁটির একটি। এই নেটওয়ার্কের মাধ্যমেই গভীর মহাকাশে পাঠানো বিভিন্ন গবেষণাতরী ও মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রাখা হয়। অন্য দুটি কেন্দ্র অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে অবস্থিত।

নাসা স্পষ্ট করেছে যে, স্পেন কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য দুটি কেন্দ্রের সহায়তায় মহাকাশ মিশনগুলোর মূল কাজ বিঘ্নহীনভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।

কর্মীদের প্রতি জোর দিয়ে নাসা জানায়, আমাদের কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, এই ভয়াবহ দাবানলে যেসব পরিবার ও স্থানীয় অধিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা রয়েছে। বাসস।