ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে সরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। সোমবার (২৩ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
ইরানের সঙ্গে আলোচনাকে ‘গভীর, বিস্তারিত ও গঠনমূলক’ অভিহিত করে ট্রাম্প লেখেন, ‘এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে। আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। তবে এ সিদ্ধান্ত চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে।’
বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানির দাম ১০০ ডলার ছাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করে না দিলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস’ করে দেবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এই সময়সীমা আজ সন্ধ্যায় শেষ হবে।
ইরান পালটা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।