নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইনস্টাগ্রামে চার্টার্ড বিমান নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর মন্তব্যের জেরে আইনি ঝামেলায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহি। উড্ডয়নকারী বিমানকে 'খেলনা' ও 'মিনিয়েচার' বলে আখ্যা দেওয়ায় তার বিরুদ্ধে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে একটি বিমান সংস্থা।

গান্ধীনগরের আদালতে দায়ের করা এই মামলায় সংস্থাটির অভিযোগ—নোরার বিপুলসংখ্যক অনুসারীর কাছে এমন ভিত্তিহীন তথ্য পৌঁছানোর ফলে তাদের বাণিজ্যিক ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি।

সংস্থাটির দাবি— ভিডিওতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে উল্লেখ করেছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রীর বিপুলসংখ্যক সামাজিক মাধ্যম অনুসরণকারীর কারণে সেই মন্তব্য দ্রুত অনেকের কাছে পৌঁছে যায় বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— এর জেরে সংস্থার ভাবমূর্তিতে প্রভাব পড়ে এবং ব্যবসায় ক্ষতি শুরু হয়।

‘ডিউনস অ্যাভিয়েশন’-এর অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং যথাযথ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই করা। সংস্থাটির দাবি, বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বাতিলের সংখ্যাও বেড়ে গেছে। ফলে সুনাম ও বাণিজ্যিক কার্যকলাপে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করেছে তারা।

অন্যদিকে ওই বিমান নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— নোরা ফাতেহির ব্যবহৃত বিমানটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়। নির্দিষ্ট যাত্রার জন্য সেটি যথাযথ মাপের একটি ‘স্ট্যান্ডার্ড’ বিমান। বিমানটি ডিজিসিএ অনুমোদিত এবং উড়ানের উপযোগী বলেও দাবি করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’।

মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বিমান সংস্থাটি। এর পাশাপাশি বিমানটি নিয়ে অভিনেত্রীর করা বিতর্কিত মন্তব্যসহ সামাজিক মাধ্যমের পোস্ট এবং অনলাইনে থাকা সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছে তারা। তবে এ অভিযোগগুলোর বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।