কুড়িগ্রামে নির্মিত হচ্ছে আধুনিক ভাওয়াইয়া পরিষদ ভবন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬

ভাওয়াইয়া গানের চর্চা ও প্রসারে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ। গতকাল শুক্রবার দুপুরে নির্মিতব্য এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রায় ১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় প্রশাসন, দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠী ও বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায়। এতে বড় অঙ্কের অনুদান দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে ভবনটি নির্মিত হচ্ছে। স্থানীয় সমাজসেবী গেলাপ হোসেনের দান করা পাঁচ শতক জমিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

১৯৯৩ সালে পাঁচপীর এলাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে একটি টিনের চালাঘরে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই সাধারণ ঘরেই ভাওয়াইয়া গানের চর্চা করে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন প্রায় তিন হাজার শিল্পী।

দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে এবার সংগঠনটির জন্য স্থায়ী ও আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুদান ও স্থানীয় মানুষের সহযোগিতায় এ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ভাওয়াইয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভুপতি ভূষণ বর্মা। বশীর আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী, ভাওয়াইয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজেন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা ও সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, সাহিত্যিক ও গীতিকার তৌহিদুর রহমান, কসিম উদ্দিন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মমিন এবং জমিদাতা গেলাপ উদ্দিনের ছেলে এনামুর রহমান।

বসুন্ধরা গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট এবং নিউজ ২৪-এর কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য।

বক্তারা বলেন, আধুনিক বহুতল ভবনটি নির্মিত হলে কুড়িগ্রামে ভাওয়াইয়া গানের চর্চা আরও বিস্তৃত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরা উন্নত পরিবেশে সংগীতচর্চার সুযোগ পাবেন।