নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৪ অক্টোবর) ভোরে জেলার ঘুমধুম তুমব্রু সীমান্তবর্তী নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানোর তথ্য পেয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয় তাদের সদস্যরা।

ভোরে ইয়াবা চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা মালামাল ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।