সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২), বাসার গৃহকর্মী সিলেটের জল্লারপাড়ার তাহমিনা (১৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘বাসায় ওয়ারড্রোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা অন্য কোনো মূল্যবান জিনিস সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনাটি ডাকাতি, নাকি এর পেছনে পারিবারিক কোনো শত্রুতা বা পূর্ববিরোধ রয়েছে—সেটিও তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

আবাসিক এলাকার এক বাসিন্দা বুধবার সকালে পুলিশকে ফোন করে জানান, মিতালি ১১১ নম্বর বাড়িটির দরজা বন্ধ এবং দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।